ডিএসসিসি কাউন্সিলর জিন্নাত আলীর ইন্তেকাল, তাপসের শোক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও হাজারীবাগ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিন্নাত আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় রাজধানীর বিআরবি হাসপাতালে মারা যান তিনি।

কিডনি সংক্রান্ত জটিলতা নিয়ে শনিবার তিনি বিআরবি হাসপাতালে ভর্তি হন। এছাড়াও তিনি লিভার সিরোসিস, ডায়াবেটিস ইত্যাদি নানাবিধ জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। আজ বাদ জোহর বিজিবি ৫ নম্বর গেটে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ব্যারিস্টার শেখ তাপস মরহুমের নামাজে জানাজায় অংশগ্রহণ করবেন।

রবিবার (৪ জুলাই) এক শোকবার্তায় মেয়র তাপস বলেন, ‘তিনি অত্যন্ত ভদ্র ও অমায়িক মানুষ ছিলেন। তাঁর প্রয়াত পিতা রজব আলী অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ৫৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে জিন্নাত আলীও নিজেকে জনসেবায় নিয়োজিত করেছেন। রাজনৈতিক পারিবারের সদস্য হিসেবে এলাকার জনগণের বিপদে-আপদে, সুখে-দুখে সবসময় পাশে থাকার আন্তরিক প্রয়াস তার মধ্যে বিদ্যমান ছিল।’

ডিএসসিসি মেয়র শোকবার্তায় আরও বলেন, ‘জিন্নাত আলী রাজনৈতিকভাবেও যেমন তৎপর ছিলেন তেমনি দক্ষিণ সিটি করপোরেশনকে ঢাকাবাসীর আস্থার ঠিকানায় পরিণত করতেও সচেষ্ট ছিলেন। তাঁর মৃত্যুতে করপোরেশনের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে আমি নির্ভরযোগ্য এক সহযোদ্ধাকে হারালাম।’

মেয়র ব্যারিস্টার শেখ তাপস মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তার মৃত্যুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন সব কার্যালয়ের জন্য আজ পূর্ণ দিবস সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দাফতরিক বিজ্ঞপ্তিতে এই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। হাসপাতাল, বিদ্যুৎ বিভাগসহ অতি জরুরি সেবাসমূহ ছুটির আওতাবহির্ভূত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।