রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসায় ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।
আজ শুক্রবার (৯ জুলাই) আনুমানিক ভোর পৌনে ৪টার দিকে কামরাঙ্গীরচর সিলেট্টা বাজার এলাকার একটি দ্বিতীয় তলা বাসার নিচতলায় এ ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
দগ্ধরা হলেন, আব্দুল মতিন (৪০), তার স্ত্রী ইয়াসমিন (৩৫), তাদের সন্তান মেয়ে মাইশা (৯) ও আয়শা (৫)। এসময় তাদের উদ্ধার করতে গিয়ে ইয়াসমিনের ভাগনে রায়হানও (২৫) দগ্ধ হয়েছেন।
দগ্ধ ইয়াসমিনের ভাগনি জামাই তৌহিদ জানান, ওই ভবনের নিচ তলায় তাদের (আব্দুল মতিন পরিবার) পাশের রুমে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়া অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, হয়তো সেখান থেকেই বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে। আর এতে তারা দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানিয়েছেন, দগ্ধ পাঁচজনের মধ্যে চারজন চিকিৎসাধীন রয়েছে। রায়হান নামে অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি চারজনের অবস্থাই আশংকাজনক।
তিনি বলেন, ইয়াসমিনের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া আব্দুল মতিনের শরীরের ৯২ শতাংশই, মাইশার ৪৫ শতাংশ এবং আয়েশার ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। আর ছাড়া পাওয়া রায়হানের দগ্ধ হয়েছে ১০ থেকে ১২ শতাংশ।