রাজধানীতে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

রাজধানীর মিরপুর বসিরহাট এলাকায় ডাকাতির অভিযোগে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে শাহ আলী থানা পুলিশ। শুক্রবার (৯ জুলাই) রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো হৃদয় সোহেল রানা ও রায়হান। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, ধারালো অস্ত্র, এবং বেশ কিছু টাকা উদ্ধার করা হয়।

মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার কার্যালয়ে শনিবার (১০ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ জেড এম তৈয়বুর রহমান।

তিনি বলেন, গত ৬ জুলাই ঘটনার সময় সিসি ক্যামেরা ফুটেজে একটি নীল রঙয়ের পিকআপ সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। সেখান থেকেই বিশ্বস্ত গোপন সূত্রের মাধ্যমে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে কলাতিয়া বাজারগামী বান্দেঘাট নামক স্থানে ডাকাতি হওয়া পিকআপ উদ্ধারসহ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।