রাজধানীর বিমানবন্দর এলাকায় নতুন কাপড়ের বান্ডিলে করে অভিনব কায়দায় ‘ইয়াবা পাচারকালে’ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। সংস্থাটি বলছে, সেই যুবক একজন মাদক ব্যবসায়ী। তাকে গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৯ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার বিমানবন্দর থানাধীন গোলচত্বর ফুটওভার ব্রিজ এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. বাবু শেখ (৩৮)। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৯৪০ টাকা জব্দ করার কথা জানিয়েছে র্যাব।
শনিবার দুপুরে র্যাব ১০ এর সহকারী পরিচালক সোয়েব জানান, গ্রেফতারকৃত বাবু শেখ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দর থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। আসন্ন ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিতে এ ধরনের কৌশল অবলম্বন করেন তিনি।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছেন র্যাব কর্মকর্তা সোয়েব।