রাজধানীর ফুলবাড়িয়া বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করার সময় ইসমাইল হোসেন বাচ্চু নামে এক ব্যক্তি চিহ্নিত সন্ত্রাসী ও বহিরাগত লোক দিয়ে তান্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছেন ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল শ্রমিক কমিটি।
বুধবার গণমাধ্যমে পাঠানো ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতির আহবায়ক সফিকুল আলম খোকন ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল শ্রমিক কমিটির আহবায়ক মোখলেছুর রহমানের এক যৌথ বিবৃতিতে এ অভিযোগ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের উদ্যোগে ফুলবাড়িয়া বাস টার্মিনালের কর্মহীন সড়ক পরিবহন শ্রমিকদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠান ছিল। সেখানে ইসমাইল হোসেন বাচ্চুর নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসী ও বহিরাগত লোক দিয়ে এই মহৎ উদ্যোগকে বানচাল করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরবর্তীতে পুলিশ ঘটনা নিয়ন্ত্রন করে এবং কর্মহীন শ্রমিকদের মধ্যে চাল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ সবুর, ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতির আহবায়ক সফিকুল আলম খোকন এবং ফুলবাড়িয়া বাস টার্মিনাল শ্রমিক কমিটির আহবায়ক জনাব মোখলেছুর রহমান প্রমুখ।
বিবৃতিতে বলা হয়, ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি ও শ্রমিক কমিটির পক্ষ থেকে উল্লেখিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বিশৃংখলা সৃষ্টিকারীদেরকে জরুরী ভিত্তিতে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানানো হয়।