ডেঙ্গু আক্রান্ত সেই সাকিব বাড়ি ফিরেছেন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অর্থের অভাবে চিকিৎসা নিতে না পারা সেই সাকিব সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার (৭ আগস্ট) উন্নত চিকিৎসার শেষে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) থেকে সে বাড়ি ফিরেন। 

তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মাদ সাঈদ খোকন।

এর আগে গত সোমবার (২ আগস্ট) রাজধানীর তিনটি সরকারি হাসপাতাল ঘুরেও ডেঙ্গু আক্রান্ত ১০ বছরের ছেলেকে ভর্তি করাতে পারেননি বাবা হারুনুর রশীদ। চতুর্থ হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স চালকের কাছে আকুতি জানান। কিন্তু দাবি অনুযায়ী ভাড়া না দিতে পারায় চালক রাজি হচ্ছিলেন না। তখন কান্নায় ভেঙে পড়েন হারুনুর রশীদ। পরে অবশ্য ৯৯৯-এ ফোন করে তাদের সহায়তায় ছেলেকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সেই সাকিবের উন্নত চিকিৎসা ও পরিবারের দায়িত্ব নেন মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সাকিব হাসপাতালে ভর্তি হলেও ঢাকায় তার বাবা-মা, ছোট বোন আর নানিসহ সকলের থাকা এবং খাওয়ার জায়গা ছিল না। তাই তাদেরকে নাজিরা বাজারে মেয়র মোহাম্মদ হানিফের ঐতিহ্যবাহী ভবনে থাকার ব্যবস্থা করা হয়েছে। এই ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে থেকেছেন।

আজ দুপুরে হাসপাতাল থেকে রিলিজ পেয়ে রিকশা যোগে সরাসরি তারা নাজিরা বাজারের বাসায় এসে বিকালে টঙ্গীর উদ্দেশে রওনা হয়।

সাকিব বলেন, আমার বাবা হারুনুর রশীদ গাজীপুরের টঙ্গীর একটি ইলেকট্রিক দোকানের কর্মচারী। করোনার কারণে দোকান বন্ধ থাকায় আয়-রোজগার ছিল না। পরিচিতজনদের কাছ থেকে ঋণ করে তিনি আমার চিকিৎসা করার উদ্যোগ নিলেও গাড়ি ভাড়াতেই শেষ হয়ে যায় সঙ্গে থাকা টাকা। এসময়ে আমার পরিবারের আর্তনাদ দেখে এগিয়ে এসেছিলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সাহেব। তিনি ও তার পরিবার আমার পাশে দাঁড়িয়েছিল বলে আমি আজ মৃত্যুর হাত থেকে ফিরতে পেরেছি।’ 

সাকিবের বিদায় মুহূর্তে উপস্থিত ছিলেন মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের সমন্বয়কারী মোহাম্মদ সাদেক মিঠু, মোহাম্মদ সাজেদ বেপারী, জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল ইসলাম সুমন, জাকির হোসেন দিপু ও জয়সহ ফাউন্ডেশনের সদস্যরা।