বিধিনিষেধেও রাজধানীতে যানজট, শিথিল পুলিশের চেকপোস্ট

চলমান কঠোর বিধিনিষেধ শেষ হওয়ার আরও একদিন বাকি। এর মধ্যেই রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে দেখা গেছে জনগণের চলাচল, সঙ্গে যানবাহনের চাপ। এমনকি আগের চেয়ে পুলিশের চোস্টপোস্টগুলোর কার্যক্রম ছিল অনেকটাই শিথিল। 

সোমবার (৯ আগস্ট) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে দেখা গেছে ব্যক্তিগত যানবাহন প্রাইভেট কার ও মোটরবাইকের চাপ। 

রাজধানীর মিরপুর ধানমণ্ডি ফার্মগেট এলাকা ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ বেশি। পাশাপাশি চলা শুরু করেছে সিএনজি। এখনও প্রধান সড়কসহ অলিগলি দাপিয়ে বেড়াচ্ছে রিকশা। 

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন রায়হান। অফিস ফার্মগেট। কল্যাণপুর কথা হয় তার সঙ্গে। বলেন, প্রায় আধঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছি। রিকশাচালক ভাড়া বেশি যাচ্ছেন। ভাবছি কী করা যায়! 

সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা শেষে মিরপুর যাওয়ার জন্য কলেজ গেট এলাকায় সারোয়ার অপেক্ষা করছিলেন যানবাহনের জন্য। বেশ কয়েকটি রিকশাচালককে জিজ্ঞেস করলেও ভাড়া বেশি চাওয়ায় যেতে পারছেন না। কিছু সময় পর একটি সিএনজির সঙ্গে দরদাম মেলায় উঠে পড়েন তিনি। 

এ ছাড়া লকডাউন শিথিলকে কেন্দ্র করে অনেকটাই ঢিলেঢালা তৎপরতা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। চেকপোস্টগুলোতে পুলিশ সদস্যরা থাকলেও অনেকেই পাশে বসে অবসর সময় কাটাচ্ছেন। আবার কেউ দাঁড়িয়ে থাকলেও সড়কে চলাচলরত গাড়ির প্রতি নজর দিচ্ছেন না।