উত্তরে ডেঙ্গু রোগী শূন্যের কোঠায় আসবে: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গু রোগী রাজধানীর মোট আক্রান্তের ২০ শতাংশ। তবে সেটাকে শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (১০ আগস্ট) রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের বাংলাদেশ ক্লাবে সাংবাদিকদের সামনে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচালিত চিরুনি অভিযান সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরার সময় ডিএনসিসি মেয়র এ কথা বলেন।

তিনি বলেন, চলতি বছরের ২৭ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ১০ হাজার ৯১টি স্থাপনা পরিদর্শন করে ৯৬৩টি স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া যায়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত মোবাইল কোর্টে ২৩৬টি মামলায় প্রায় ৪৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ২৮টি নিয়মিত মামলাও দায়ের করা হয়।

মেয়র বলেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই ডিএনসিসিতে ডেঙ্গু রোগী কম। এডিস মশা নির্মূল না হওয়া পর্যন্ত স্থানীয় কাউন্সিলরসহ ডিএনসিসির সব কর্মকর্তা-কর্মচারীকে মাঠে সক্রিয় থাকার কঠোর নির্দেশও দেওয়া হয়েছে।

আতিকুল ইসলাম বলেন, ওয়ার্ড কাউন্সিলরের অফিসে জমা দেওয়া প্রতিটি অব্যবহৃত কমোড ও টায়ারের জন্য ৫০ টাকা এবং প্রতিটি ডাবের খোসা, রঙে কৌটা ও চিপসের প্যাকেটের জন্য ৫ টাকা হারে পুরস্কার প্রদান করা হবে।

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।