করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরোপিত কঠোর বিধিনিষেধের কিছু শর্ত শিথিল করেছে সরকার। এরমধ্যে যানবাহন চলাচলসহ মার্কেট, দোকানপাট, শপিং মল স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার কথা বলা হয়েছে। দীর্ঘদিন এসব প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আবারও চালু হওয়ায় মানুষ উপচে পড়ছে প্রয়োজনীয় কেনাকটায়। মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব মানার বালাই নেই কারও মধ্যে। একজনের থেকে আরেকজন নির্দিষ্ট দূরত্বে অবস্থানের কথা থাকলেও তা প্রায় সব জায়গায় উপেক্ষিত।
বুধবার (১১ আগস্ট) রাজধানীর কয়েকটি শপিং মল ও নিউমার্কেট ঘুরে এমন চিত্র দেখা যায়। নিউমার্কেট এলাকায় দেখা যায় ক্রেতাদের চিরচেনা ভিড়। নিত্যপ্রয়োজনীয় জিনিসের চাহিদায় ক্রেতারা ভিড় করছেন ফুটপাথের ওপর অবস্থানকারী হকারদের কাছে। আবার অনেকেই মার্কেটের ভেতরে ঘুরে ঘুরে দেখছেন। তবে মার্কেটের জায়গা কম থাকায় তৈরি হচ্ছে জটলা। একজন আরেকজনের সঙ্গে গা-ঘেঁষেই করছেন কেনাকাটা। আবার কেউবা গা-ঘেঁষেই যাওয়া আসা করছেন। আবার অনেকে কথা বলার সুবিধার্থে মাস্ক নামিয়ে দরদাম করছেন।
ফজলু বলেন, ‘বেচাকেনা নেই অনেক দিন। এখন কাস্টমার আইসা যদি দাঁড়ান, কাপড় দেখেন, আমরা কী বলতে পারি? দূরে দাঁড়াইতে তো বলতে পারি না। আর দূরে দাঁড়াইলেও কই দাঁড়াইবো? পরে তো চইলা যাবো আরেক দোকানে। এটা আমার লস না?’
বিক্রেতারা বলছেন, মার্কেটে স্বাস্থ্যবিধি পালন করানো খুব দুরূহ কাজ। নিউমার্কেটের মতো জায়গায় সেটা আরও কষ্টসাধ্য। কারণ, দোকানগুলো ছোট ছোট আর জায়গা কম।