শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা চাই: নূর

ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেন, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘ ১৫ মাস ধরে বন্ধ। এ নিয়ে সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই। শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে একেক সময় একেক তারিখ দিয়েছে। এখন পর্যন্ত সুনির্দিষ্ট একটা রোডম্যাপ দিতে পারেনি। আমরা দ্রুততর সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশনা চাই।’

শুক্রবার (১৩ আগস্ট) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। অবিলম্বে সবার জন্য টিকা, সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দাও, নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ও জনজীবন সচল রাখার ৩ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নুরুল হক নূর বলেন, ‘আজকে হাসপাতালে সিট নেই, মানুষ না খেয়ে মরছে কিন্তু সরকার করোনাকে কাজে লাগিয়ে কিভাবে ক্ষমতা দীর্ঘস্থায়ী করবে সেই চেষ্টা করছে। মানুষ বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে আর তুচ্ছ ঘটনাকে রং-চঙ মাখিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নাটকের অবতারণা করছে।’