অভিযানের ফলে ডিএনসিসি এলাকায় ডেঙ্গু রোগী নিন্মমুখী: মেয়র আতিকুল

এডিস মশা নিধনে নিয়মিত অভিযানের ফলে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিম্নগামী বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর মধুবাগ এলাকায় বিভিন্ন বাসাবাড়ি ঘুরে দেখেন মেয়র। এসময় অন্তত ১৬টি বাড়ির ছাদ, বাসার ভেতরে ঢুকে বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করেন মেয়র।

তিনি বলেছেন, আমি নগরবাসীকে আহ্বান জানিয়েছিলাম- প্রতি শনিবার সকাল ১০টায় ১০ মিনিট নিজের আঙিনা পরিষ্কার করার জন্য। এছাড়া আরও বলেছি- তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন। এতে নগরবাসী সাড়া দিয়েছেন বলে মনে হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিম্নগামী। গতকাল (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে যে পরিসংখ্যান দিয়েছে তাতে ২১০ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৩২ জন রোগী পাওয়া গেছে।

মধুবাগ এলাকার একটি বাসা পরিদর্শন শেষে মেয়র সাংবাদিকদের বলেন, আমি নির্দিষ্ট কোনও বাসা নয়, যে বাসা মনে হয়েছে সেই বাসার ছাদে বা বেলকনিতে গিয়েছি। মধুবাগ এলাকা অত্যন্ত ঘনবসতি এলাকা। এখানে মধ্যবিত্ত পরিবারের লোকের বাস বেশি। আমি সকাল থেকে অন্তত ১৬টি বাসা দেখেছি। আশার কথা, একটি বাসাতেও এডিসের লার্ভা পাইনি। আমরা যদি প্রত্যেকে নিজের বাসা নিজে পরিষ্কার করি, তাহলে অবশ্যই নিরাপদ শহর গড়তে পারবো। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিম্নগামী হলেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আক্রান্ত রোগীর সংখ্যা শূন্যে না আসা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এসময় মেয়রের সঙ্গে ছিলেন ডিএনসিসি'র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, স্থানীয় কাউন্সিলরসহ ডিএনসিসি'র কর্মকর্তাগণ।