দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকলেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সুস্থতার জন্য গড়ে ওঠা সামাজিক আন্দোলনের প্রভাবেই ডিএনসিসি এলাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
শনিবার (২১ আগস্ট) রাজধানীর কল্যাণপুর এলাকায় ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ বাস্তবায়নপূর্বক কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপস্থিত সাংবাদিকদের সামনে স্লোগানটির গুরুত্বসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরার সময় তিনি একথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য-উপাত্ত মোতাবেক পরিষ্কার-পরিচ্ছন্নতায় নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সামাজিক আন্দোলনের সুফল হিসেবেই রাজধানীর অন্যান্য এলাকার তুলনায় ডিএনসিসি এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক অনেক কম। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা কম হলেও এটিকে শূন্যে কিংবা সহনীয় মাত্রায় নামিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মেয়র বলেন, স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী গতকাল (২০ আগস্ট) মহানগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ২১২ জন ডেঙ্গু রোগীর মধ্যে ডিএনসিসি এলাকার ডেঙ্গু রোগী রয়েছেন মাত্র ৪৬ জন। ডিএনসিসির আওতাভুক্ত এলাকায় অবস্থিত খালি প্লট কিংবা জায়গাগুলো যাতে মশার উৎপত্তিস্থলে পরিণত না হয় সেজন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সেসব প্লট কিংবা জায়গার মালিকদেরকে চিঠি দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
তিনি বলেন, নগরবাসীর কল্যাণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৬টি নগর স্বাস্থ্যকেন্দ্রেই ডেঙ্গু রোগের ফ্রি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। নিজেদের সুস্থতার জন্যই সবাই মিলে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এই স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সামাজিক আন্দোলনকে সফল করতে হবে। নিজেদের বাসাবাড়িতে কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান উপস্থিত ছিলেন।