বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফোর ইম্প্রুভড নিউট্রিশনের (গেইন) যৌথ উদ্যোগে অধিদফতরের কর্মকর্তাদের ‘সক্ষমতা বৃদ্ধিকরণ বিষয়ক’ একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) অধিদফতরের সভা কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেইন’র কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার। এছাড়াও অধিদফতরের পরিচালক শামীম আল মামুনসহ উপপরিচালক, সহকারী পরিচালকগণ উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভোক্তা-স্বার্থ সংরক্ষণে এ অধিদফতর বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা, ভোক্তাদের লিখিত অভিযোগ নিষ্পত্তি এবং সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গেইন বাংলাদেশে পুষ্টিমান উন্নয়নে ২০০২ সাল থেকে কাজ করে যাচ্ছে। সংস্থাটি শিল্প মন্ত্রণালয়াধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) এবং খাদ্য মন্ত্রণালয়াধীন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে সহযোগিতা চুক্তি সম্পাদনের মাধ্যমে বিভিন্ন খাদ্যপণ্যের পুষ্টিমান নিশ্চিতকরণার্থে যৌথভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ভোক্তা-অধিকার সংরক্ষণে শীর্ষ প্রতিষ্ঠান বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সাথেও ৬ মাস মেয়াদি একটি যৌথ কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, সম্পাদিত চুক্তি অনুসারে অধিদফতর পরিচালিত অন্যতম কার্যক্রম বাজার তদারকিকরণকে শক্তিশালীকরণের ক্ষেত্রে অধিদফতর এবং গেইন যৌথভাবে কাজ করবে। বিশেষকরে দুটি ভোগ্যপণ্য- ভোজ্য তেল ও লবণের পুষ্টিমান নিশ্চিতের লক্ষ্যে পণ্য দুটির নমুনা সংগ্রহ ও পরীক্ষা, অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ভোক্তাদের সমন্বয়ে সচেতনতামূলক সভা ও মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।
এসকল কর্মসূচির অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অধিদপ্তর, গেইন, বিএসটিআই এবং বিসিক’র বিশেষজ্ঞ কর্মকর্তার মাধ্যমে দিনব্যাপী ৬টি পৃথক কর্ম-অধিবেশনে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।