ডিএসসিসির নামে চাঁদাবাজি, যাত্রাবাড়ীতে  শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর যাত্রাবাড়ীর কাঁচাবাজার আড়তে চাঁদাবাজির প্রতিবাদে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। রবিবার (৫ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী থানার সামনে তারা এই বিক্ষোভ করেন। বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা যাত্রাবাড়ীও ওই কাঁচাবাজারে মাছ, ফল, সবজির আড়তে দিনমজুরের কাজ করেন।

তাদের অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নাম ভাঙিয়ে প্রতিদিন তাদের কাছ থেকে ১০০ টাকা করে চাঁদা নিচ্ছে একটি চক্র। তাদের চাঁদা না দিলে আড়তে কাউকে মালামাল টানতে দেওয়া হয় না। সবকিছু যেনেও অপরাধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না ডিএসসিসি ও যাত্রাবাড়ী থানার পুলিশ। তাই এর প্রতিবাদে তারা যাত্রাবাড়ী থানার সামনে বিক্ষোভ করছেন এবং অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী এবং শ্রমিকরা জানান, যাত্রাবাড়ী আড়তে ট্রাক-পিকআপ থেকে নির্ধারিত সিটি টোল নেয় ডিএসসিসির এক ঠিকাদার। এসব ট্রাক বা পিকআপের মালামাল লোড ও আনলোডে যে শ্রমিকেরা কাজ করেন, তাদের কাছ থেকে দিনে ১০০ টাকা করে চাঁদা নিচ্ছে একটি চক্র। বিষয়টি ডিএসসিসির সংশ্লিষ্ট বিভাগ এবং যাত্রাবাড়ী থানা-পুলিশকে একাধিকবার জানানো হয়েছে বলেও অভিযোগ শ্রমিকদের। কিন্তু শ্রমিকরা কোনও প্রতিকার পাননি। সে কারণেই তারা রবিবার বেলা ১২টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে অবস্থান নিয়ে চাঁদাবাজির প্রতিবাদ জানান। পরে পুলিশের আশ্বাসে বেলা দুইটায় তারা থানার সামনে থেকে সরে যান।

যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে সিটি করপোরেশনের বাজারের কুলিরা  বিক্ষোভ করেন। সিটি করপোরেশন থেকে যে চাঁদা ধার্য করা হয়েছে, তার প্রতিবাদে তারা রাস্তায় নামেন। আমরা তাদেরকে বুঝিয়ে বিক্ষোভ থেকে সরে যেতে বলি। পরবর্তীতে সিটি করপোরেশনের সঙ্গে কথা বলে বিষয়টি  তাদেরকে অবহিত কেরা হবে, এমন আশ্বাসের পর তারা নিজেদের কাজে যোগ দেন।’

এ বিষয়ে জানার জন্য ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।