গণটিকার দ্বিতীয় দিনে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের টিকাকেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে। এর মধ্যেই কিছু কিছু এলাকায় হানা দিয়েছে বৃষ্টি, ফলে ভোগান্তিতে পড়েছে টিকা গ্রহীতারা। লাইনে কিছুক্ষণ অপেক্ষার পর টিকা নিতে পারছেন নাগরিকরা। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন কেন্দ্রগুলোতে এমন চিত্র দেখা গেছে।
সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, সংস্থাটির নিয়ন্ত্রণাধীন এলাকার ১২৯টি কেন্দ্রে করোনাভাইরাসের দ্বিতীয় টিকা কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ড ও উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ড রয়েছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকাল পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন ৭ শ’ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দুই সিটি।
এর আগে গতকাল (মঙ্গলবার) দুই সিটি করপোরেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন প্রতিটি কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজের ৭০০ জন টিকা প্রত্যাশীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ৮ ও ৯ আগস্টে ১ম ডোজ গ্রহণকারী ব্যক্তিরা গতকাল (৭ সেপ্টেম্বর) দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। আর ৯ ও ১০ আগস্টে টিকা গ্রহণকারীরা আজ ৮ সেপ্টেম্বর এবং ১১ ও ১২ আগস্টে টিকা গ্রহণকারীরা আগামী ৯ সেপ্টেম্বর প্রথম ডোজের টিকা গ্রহণ করা কেন্দ্র থেকে ২য় ডোজের টিকা গ্রহণ করতে পারবেন।
দক্ষিণ সিটি জানিয়েছে, ১ম ডোজের গণটিকা কর্মসূচিতে ডিএসসিসির প্রতিটি কেন্দ্র থেকে সাড়ে ৩০০ টিকা প্রদান করার লক্ষ্যমাত্রা ছিল। সে সময় ছয় দিনব্যাপী কর্মসূচিতে করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্র থেকে মোট ১ লাখ ৫৭ হাজার ১৩৩ জন ১ম ডোজের টিকা গ্রহণ করেছেন।
অপরদিকে, ডিএনসিসির নির্ধারিত ৫৪টি টিকাকেন্দ্রে ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত একযোগে পরিচালিত গণটিকার আওতায় ১ লাখ ১৩ হাজার ৪০০ জনকে করোনা ১ম ডোজ প্রদান করা হয়েছিল।
বুধবার সকাল থেকে নগরীর কেন্দ্রগুলোতে গিয়ে দেখা গেছে, দ্বিতীয় রোগের টিকা নিতে আসা মানুষের ভিড় বেড়েছে। তবে গতকাল যাদের টিকা নেওয়ার কথা তারাও আজ নিতে পারছেন। তবে বৃষ্টির কারণে কোনও কোনও কেন্দ্রে মানুষের দুর্ভোগ ছিল। অনেকেই বৃষ্টিতে ভিজেও টিকা গ্রহণ করেছেন।
সকালে খিলগাঁও তিলপাপাড়া নগর মাতৃসদন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, প্রথম দিনের তুলনায় আজ মানুষের ভিড় কিছুটা বেড়েছে। জানতে চাইলে কেন্দ্রের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক ইসরাফিল আলম বলেন, অনেকেই প্রথম দিনের কথা জানতো না। তাদের মধ্য থেকে আজ যারা এসেছেন আমরা তাদেরকে টিকা দিয়ে দিয়েছি। কেন্দ্রে আসার পর লাইনে কিছুক্ষণ অপেক্ষার পর সবাই টিকা নিতে পারছেন।
সিপাহীবাগ নগর স্বাস্থ্যকেন্দ্রের অবস্থাও একই। এই কেন্দ্রেও মানুষের ভিড় চোখে পড়েছে। তবে টিকা পেতে কিছু সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে। নাছরিন আক্তার নামে একজন টিকাগ্রহীতা জানান, মানুষের ভিড় আছে, তবে বেশি নয়। কিছু সময় অপেক্ষা করলেই টিকা পাওয়া যাচ্ছে। কেন্দ্রটিতে পুরুষ ও নারীর আলাদা লাইন রয়েছে। টিকা নিয়ে কিছু সময় বিশ্রামও নেওয়া যাচ্ছে।