পুরান ঢাকায় আগস্টের শুরুতে গণটিকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে দেশব্যাপী একযোগে শুরু হয় এ কার্যক্রম। পুরান ঢাকার বেশ কয়েকটি জায়গায় গণটিকার দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য টিকাদান কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হলেও টিকা প্রত্যাশীরা তার অনেক আগে থেকেই টিকাদান কেন্দ্রে ভিড় করতে থাকেন।
সকাল ৮টা থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৪০, ৪১, ও ৪২ নং ওয়ার্ড গণটিকার দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য টিকাদান কেন্দ্রে দীর্ঘ সারি লক্ষ করা যায়। টিকাদান কেন্দ্রগুলোতে পুরোপুরিভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত ছিল। বেশিরভাগ মানুষের মুখেই মাস্ক ছিল না। কোনও কোনও কেন্দ্রে টিকার জন্য লাইন না ধরে গাদাগাদি করে দাঁড়াতে দেখা যায়। এ ছাড়া আগে টিকা পেতে স্বজনপ্রীতিরও অভিযোগ উঠেছে।
পুরান ঢাকার ৪২নং ওয়ার্ডে গণটিকার দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য গতকাল থেকে মাইকিং করা হয়। মাইকিং শুনে মানুষ কেন্দ্রে টিকা নিতে গিয়েছেন। টিকা কার্যক্রমের শেষ মুহূর্তে অনেকেই অভিযোগ করে বলেন, কার্ডে দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার তারিখ আছে, তবুও আজ টিকা নেওয়ার জন্য ডাকা হয়নি। আগামীকাল টিকা নিতে আসতে বলেছে। এ ছাড়া সঠিক সময়ে গণটিকা গ্রহণকারী অনেকের মোবাইল ফোনে এসএমএস না পৌঁছনোর অভিযোগও রয়েছে।
গণটিকার দ্বিতীয় ডোজ প্রত্যাশী আমেনা বেগম নামের একজন বলেন, আমি প্রথম ডোজ নিয়েছি গ্রামে। এখন দ্বিতীয় ডোজের জন্য এখানে এসে জানতে পারি, প্রথম ডোজ যে কেন্দ্রে নেওয়া হয়েছে দ্বিতীয় ডোজও সেই একই কেন্দ্রে নিতে হবে। পুরান ঢাকার ৪১ নং ওয়ার্ডের ফকিরচান সর্দার কমিউনিটি সেন্টারে সকাল থেকে মানুষের চাপ থাকলেও দুপুর না হতেই চাপ একেবারেই কমে যায়। দু’তিনজন করে টিকা নিতে যাচ্ছেন। অনেকে কোনও ভোগান্তি ছাড়াই গণটিকার দ্বিতীয় ডোজ নিয়ে বাসায় ফিরেছেন।
৪২নং ওয়ার্ডের টিকা কেন্দ্র পরিচালনার অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপ্টিক অ্যাবরশন বাংলাদেশ জানিয়েছে, সকাল থেকে টিকাকেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় ছিল। মানুষ স্বাস্থ্যবিধির কোনও তোয়াক্কা না করেই টিকা নিতে এসেছেন। টিকাকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্যে করা গেলেও শৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের কোনও তৎপরতা দেখা যায়নি। ফরহাদ হোসেন নামে টিকা প্রত্যাশী এক ব্যক্তি জানান, ‘দুই ঘণ্টা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকার পর টিকা নিতে পেরেছি। তবে কেউই কোনও লাইনও ধরছে না, নিয়মও মানছেন না।’
স্বাস্থ্য অধিদফতর সূত্রে ও পুরান ঢাকার ৪১নং ওয়ার্ডের টিকাদান কার্যক্রম পরিচালনার ব্র্যাকের তথ্যমতে, সিটি করপোরেশন এলাকায় আগস্টের ৭ ও ৮ তারিখে যারা গণটিকার প্রথম ডোজ নিয়েছিলেন তারা একই কেন্দ্রে গতকাল ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। যারা আগস্টের ৯ ও ১০ তারিখে টিকা গ্রহণ করেছিলেন তাদের আজকে টিকা দেওয়া হচ্ছে। আর যারা ১১ ও ১২ আগস্ট গ্রহণ করেছিলেন তারা ৯ সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন। কেউ কোনও কারণে গতকাল বা আজ টিকাদান থেকে বাদ পড়লে তাদের পরবর্তীতে টিকা দেওয়া হবে।