রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ও ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সবুজবাগধীন দক্ষিণ গাঁওয়ে চারতলা ছাদ থেকে পড়ে মারা যায় শফিকুল ইসলাম (৪২) নামে এক ডেকোরেটর শ্রমিক। প্রায় একই সময় নিউ মার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় সুমন আহমেদ (২৬) নামে এক থাই এ্যালুমিনিয়াম ফিটিং মিস্ত্রি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া তিনি বলেন, পৃথক ঘটনায় মারা যাওয়া দুই শ্রমিকের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
থাই মিস্ত্রি সুমনকে হাসপাতালে নিয়ে আসা ভবনমালিক পারভেজ রহমান জানান, এলিফ্যান্ট রোডে চারতলা ভবনের তিন তলায় থাই এ্যালুমিনিয়াম ফিটিং’র কাজ করার সময় কার্নিশের বাইরে থেকে থাইয়ের অংশ বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে দুপুর ২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সুমন কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা নাজিম উদ্দিনের ছেলে। বর্তমানে সাইনবোর্ড সাদ্দাম মার্কেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিন ভাই-বোনের মধ্যে সে ছিল বড়।
অপরদিকে সবুজবাগ থেকে হাসপাতালে নিয়ে আশা শফিকের স্ত্রীর বড় ভাই আনোয়ার হোসেন জানান, দক্ষিণ গাঁও একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের চার তলার ছাদে ডেকোরেটর সামগ্রী নিয়ে ছাদের দিকে রসুনের কাজ করার সময় ওপর থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মুগদা জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে দুপুর পৌনে ২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শফিকুল খিলগাঁও শেখের জায়গা এলাকার ইমাম আলীর ছেলে।