স্বাস্থ্যবিমা ও সন্তান জন্মভাতার আওতায় ২৫ সদস্যের মধ্যে ৬ লাখ ২০ হাজার টাকার চেক তুলে দিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামটরে এর কার্যালয় সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
চেক তুলে দেওয়ার আগে সংক্ষিপ্ত আলোচনায় বিজেসি চেয়ারম্যান রেজোয়ানুল হক রাজা বলেন, ‘সদস্যদের কল্যাণের জন্যই কাজ করা আমাদের এই সংগঠনের প্রধান লক্ষ্য। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্যভাতা চালু করা হয়েছে। এ ছাড়া আমাদের টাকার সঙ্কট থাকা সত্ত্বেও আমরা সন্তান জন্ম ভাতা চালু করেছি। সদস্যদের জন্য যেসব বিষয় তাদের উপকারে আসে সে ধরনের কল্যাণমূলক কাজ আমরা চলমান রাখবো।
বিজেসি সদস্য সচিব ও একাত্তর টিভির বার্তাপ্রধান শাকিল আহমেদ বলেন, ‘বিজেসি নিজেদের অর্থায়নের ব্যবস্থা নিজেরাই করবে। স্বাস্থ্যবিমা ও সন্তান ভাতাসহ সদস্যদের আরও বেশ কিছু সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। এজন্য আমরা বিজেসি পার্কসহ নানান প্রকল্প হাতে নিয়েছি। এসব কিছু বাস্তবায়নে বিজেসি নির্বাহীদের পাশাপাশি সদস্যদেরও দায়িত্ব রয়েছে’।
আফজালুর রহমান স্বাস্থ্যবিমার আওতায় ১০ জন সদস্য পেয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৫ শ’ ৪৫ টাকা। সন্তান জন্মভাতা হিসেবে ১৫ জন সদস্য পেয়েছেন ২ লাখ ৯০ হাজার টাকা। মোট ২৫ সদস্যকে ৬ লাখ ২০ হাজার ৫৪৫ টাকা দেওয়া হয়েছে।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার- বিজেসির আফজালুর রহমান স্বাস্থ্যবিমা ও সন্তান জন্মভাতার আওতায় এবার ২৫ জন সদস্যকে ৬ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। ২৫ জন সদস্যের হাতে এ চেক তুলে দেন বিজেসি চেয়ারম্যান ও মাছরাঙা টেলিভিশনের বার্তাপ্রধান রেজোয়ানুল হক রাজা।
কল্যাণ ও ঝুঁকি মোকাবিলা কমিটির প্রধান ও বিজেসির ট্রাস্টি মামুনুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান রেজোয়ানুল হক রাজা, সদস্য সচিব শাকিল আহমেদ, বিজেসি ট্রাস্টি রাশেদ আহমেদ ও দিলওয়ার হোসেন।
সভায় কল্যাণ ও ঝুঁকি কমিটির সদস্যদের মধ্যে পারভেজ রেজা, ইলিয়াস হোসেনসহ বিমা কমিটির অন্যান্য সদস্য ও কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।