প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গতকালের (মঙ্গলবার) মতো আজও (২৯ সেপ্টেম্বর) করোনাভাইরাসের টিকা দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সংস্থাটির ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত ৫৪টি কেন্দ্রেই দুপুর আড়াইটা থেকে টিকা কার্যক্রম শুরু হবে। প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন ৫০০ জন করে দুই দিনে মোট ১ হাজার জনকে টিকা দেওয়া হবে।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত ৫৪টি কেন্দ্রেই করোনার টিকা প্রদান কার্যক্রমের আওতায় মঙ্গলবারের মতো বুধবারও প্রতিটি ওয়ার্ডে টিকা দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন ৫০০ জন করে দুই দিনে ১ হাজার জনকে টিকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এই দুই দিনে ডিএনসিসি এলাকায় প্রায় ৬০ হাজার মানুষকে করোনার টিকা দেওয়া হবে।
এর আগে ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার যেকোনও হাসপাতালে টিকার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন কিন্তু এখনও এসএমএস পাননি শুধুমাত্র তারাই এই কার্যক্রমের আওতায় টিকা গ্রহণ করতে পারবেন। শুধুমাত্র ষাটোর্ধ বয়সের কেউ যদি রেজিস্ট্রেশন না করে থাকে, তবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে আসেন; তাদেরকেও টিকা দেওয়া হবে। টিকা গ্রহণকারীরা যে কেন্দ্র থেকে ১ম ডোজের টিকা গ্রহণ করবেন একমাস পর একই কেন্দ্র থেকে ২য় ডোজের টিকাও গ্রহণ করতে পারবেন।
এর আগে, ডিএনসিসির নির্ধারিত ৫৪টি টিকা কেন্দ্রে একযোগে পরিচালিত গণটিকার আওতায় ১ লাখ ১৩ হাজার ৪০০ জনকে করোনার ১ম ও ২য় ডোজ প্রদান করা হয়।