চকবাজারে ছয়তলা ভবন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজধানীর চকবাজারের একটি ছয়তলা ভবন থেকে পড়ে নাসির উদ্দিন (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃতের পরিবারের বরাত দিয়ে চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) অলক কুমার বিশ্বাস বলেন, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রাতে ঠিকমতো ঘুমাতে পারতেন না, শুধু চিৎকার-চেচামেচি করতেন। অনেক সময় বাসা থেকে বের হয়ে যেতেন। আজ সকালে ছয়তলার জানালার পাশে রেলিংয়ের ফাঁক দিয়ে বের হতে গিয়ে তৃতীয় তলার টিনসেটের উপরে পড়ে যান তিনি। সেখান থেকে তার স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত নাসির উদ্দিন লালবাগ চকবাজারের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। মানসিক সমস্যার বিষয়টি নিশ্চিত করে মৃতের ছেলে মিজান জানান, বাসা থেকে বের হয়ে যেতেন। তাই অনেক সময় ঘরে আটকে রাখা হতো।