জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেছেন, আমাদের পূর্বসূরীদের যদি আমরা স্মরণ না রাখতে পারি, আমাদের শেকড়ের কথা যদি আমরা ভুলে যাই ‑ তাহলে আমাদের এগুনোর কিছু থাকবে না। আমাদের পরিচয় থাকবে না।
বুধবার (৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গত এক বছরে প্রয়াত ৩৪ ক্লাব সদস্যের স্মরণসভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা আজকে যে ৩৪ জনকে স্মরণ করলাম তারা প্রত্যেকেই আমাদের অতি কাছের, অতি আপনজন। প্রত্যেকটি মৃত্যুই আমাদের ক্ষতিগ্রস্ত করেছে। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি।
প্রেস ক্লাবের বিভিন্ন হলের নাম সিনিয়র সাংবাদিক নেতাদের নামে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এভাবে আমরা মনে করি আমাদের পূর্ববর্তী প্রজন্মকে ধরে রাখতে পারব এবং আমাদের পরে যারা আসবেন তারা ক্রমান্বয়ে এই ধারা বজায় রাখবেন।
স্মরণ অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বিশিষ্ট সাংবাদিক নেতা হাসান হাফিজ, সাংবাদিক নেতা মনজুরুল হাসান বুলবুলসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।