অননুমোদিত ওষুধ তৈরি ও বিক্রি করে স্টার ল্যাবরেটোরিজ

ইউনানি ওষুধ প্রস্ততকারক প্রতিষ্ঠান স্টার ল্যাবরেটরিজের গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার অননুমোদিত ওষুধ উদ্ধার করেছে ঔষধ প্রশাসন অধিদফতর। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে অধিদফতর। এনএসআই এবং ডিবি পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন ঔষধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক তানভীর আহমেদ।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, এনএসআইয়ের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে এলিফেন্ট রোডে অবস্থিত স্টার ল্যাবরেটোরিজের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মালিক ও প্রতিষ্ঠানটির মার্কেটিং প্রধানকে গ্রেফতার করা হয়েছে।

ঔষধ প্রশাসন অধিদফতর এ ঘটনায় বিশেষ আইনে মামলা করবে বলেও জানান তিনি।

তানভীর আহমেদ জানান, প্রতিষ্ঠানটি অধিদফতরের অনুমোদিত থাকলেও তারা অনেক অননুমোদিত ওষুধ প্রস্তুত করছিল। সেই সঙ্গে বিদেশি কোম্পানির আদলে প্যাকেজিং করে নিজেদের বলে বাজারে বিক্রি করছিল।

তিনি বলেন, যে ওষুধ প্রস্তুতে তাদের অনুমোদন ছিল না, সেগুলোই বানাচ্ছিল। আবার কিছু ওষুধের ২০০ মিলিগ্রাম পর্যন্ত প্রস্তুতের অনুমোদন থাকলেও বানাচ্ছিল ৫০০ মিলিগ্রাম। আবার একটি তরল ওষুধও পাওয়া গেছে, যেটার অনুমোদনও ছিল না। অথচ সেটাও তারা স্থানীয়ভাবে প্রস্তুত করছিল।