ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ছয়টি মামলা ও চারটি স্পট নিলাম থেকে মোট ৬ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা পাওয়া গেছে। শনিবার (৯ অক্টোবর) ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে এসব অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ১ নম্বর অঞ্চলে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুলকার নয়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা এবং রাস্তা দখল করে রাখা নির্মাণসামগ্রী ৪ হাজার ৫০০ টাকায় স্পট নিলাম করা হয়।
২ নম্বর অঞ্চলে এডিস মশার লার্ভা পাওয়ায় একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম সফিউল আজম।
৩ নম্বর অঞ্চলে মালিবাগ চৌধুরীপাড়ায় ১১৯৬ নম্বর অট্টালিকা হোমস নামক নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সেখানকার প্রকৌশলী মো. ফরহাদ হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া রাস্তা দখল করে একই ভবনের নির্মাণসামগ্রী রাখার কারণে মো. সুয়িন রেজার ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। রাস্তা দখল করে রাখা নির্মাণসামগ্রীগুলো ২৫ হাজার টাকায় স্পট নিলাম করা হয়।
৫ নম্বর অঞ্চলে এডিস মশার লার্ভা পাওয়ায় দুটি মামলায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। এছাড়া রাস্তা দখল করে রাখা নির্মাণসামগ্রী ৩ লাখ ২৫ হাজার টাকায় স্পট নিলাম করা হয়।