বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মেয়র কাপ চালু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলের বলরুমে ডিএনসিসি মেয়র'স কাপ-২০২১ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম একথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় প্রথমবারের মতো এই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে বলে ডিএনসিসি পরিবার অত্যন্ত আনন্দিত।
আতিকুল ইসলাম বলেন, ‘খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি’ সময়োপযোগী এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুটবল, ভলিবল ও ক্রিকেট এই তিনটি ইভেন্ট নিয়ে টুর্নামেন্টটি অত্যন্ত আনন্দঘন পরিবেশেই অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ৫৪ জন সাধারণ কাউন্সিলর এবং ১৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলরের তত্ত্বাবধানে তিনটি ইভেন্টের দলগুলো গঠিত হবে।
ডিএনসিসি মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেকোনও নাগরিক নিজ নিজ ওয়ার্ডের দলভুক্ত হয়ে টুর্নামেন্টে অংশ নিতে পারবেন।
আতিকুল ইসলাম বলেন, খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব তৈরি করে।
তিনি বলেন, খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। খেলাধুলা জীবনকে করে সুন্দর, পরিশীলিত। শারীরিক গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার কোনও বিকল্প নেই।
ডিএনসিসি মেয়র বলেন, প্রত্যেকটি ওয়ার্ডেই প্রতিমাসে কমপক্ষে ১ দিন শিশুদের খেলাধুলার জন্য একটি রাস্তাকে গাড়িমুক্ত রাখা হবে।
আতিকুল ইসলাম আরও বলেন, সবাই মিলে সবার ঢাকাকে দখল ও দুষণমুক্ত করে সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় রূপান্তরিত করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলরা উপস্থিত ছিলেন।