প্রতিবন্ধী উদ্যোক্তাদের সরকারি-বেসরকারি সহায়তা কার্যক্রমে অন্তর্ভুক্তির দাবি

দয়া নয়, সহযোগিতা পেলে প্রত্যেক প্রতিবন্ধী হয়ে ওঠতে পারে সক্ষম ব্যক্তিদের সমান, অবদান রাখতে পারে দেশের অর্থনীতিতে। বোঝা নয়, কর্মঠ হিসেবে এদেশের সমাজের একটা অংশ হয়ে বেঁচে থাকতে চায় প্রতিবন্ধীরা। তাই প্রতিবন্ধী উদ্যোক্তাদের সরকারি ও বেসরকারি সহায়তা কার্যক্রমে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে প্রতিবন্ধী সমাজ।

শুক্রবার (২৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে হিউম্যান রাইটস ডিজেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এইচডিডিএফ) আয়োজিত এক আলোচনা সভায় আগত প্রতিবন্ধী অতিথিরা এসব কথা বলেন।

আলোচনা সভায় প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের বক্তারা বলেন, বাংলাদেশে ১২ ধরনের প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। তারা প্রত্যেকেই কোনও না কোনওভাবে দক্ষ। তাদের এই দক্ষতাকে কাজে লাগিয়ে যেমন প্রতিবন্ধী মানুষের উন্নয়ন সম্ভব, তেমনি তাদের মানবসম্পদে রূপান্তর করা সহজ। শুধু প্রশিক্ষণ দিয়েই কার্যক্রমের ইতি না ঘটিয়ে আর্থিক সহায়তা অথবা প্রয়োজনীয় উপকরণ প্রদান করার ব্যবস্থা করলে উদ্যোক্তা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন তারা। পাশাপাশি কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

আলোচনা সভায় প্রতিবন্ধীদের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে তাদের উপযোগী সহায়তা প্রদানসহ বাজেট বৃদ্ধির সুপারিশ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন‑ ব্রিটিশ কাউন্সিলের অর্থ ও প্রশাসন ব্যবস্থাপক রিপন ভৌমিক, লিওনার্ড চেশায়ারের কান্ট্রি ডিরেক্টর জহির-বিন-সিদ্দিক, এইচডিডিএফ’র  চেয়ারম্যান ম. রাজিব শেখ, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল্লাহ আল মামুন।