সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিচার ১৯৭৩ সালের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে তারা এ দাবি জানান।
সমাবেশে সংগঠনটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ময়না তালুকদার বলেন, এদেশ আমাদের। আমাদের পিতারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছে, অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার জন্য। সেই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য সাম্প্রদায়িক উগ্রবাদীরা সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে। আমরা আহ্বান জানাচ্ছি, আসুন আমরা হাতে হাত মিলিয়ে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই। তাহলেই এ ক্ষুদ্র গোষ্ঠী আমাদের কিছুই করতে পারবে না।
বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদের সাধারণ সম্পাদক পুলক ঘটক বলেন, আন্তর্জাতিক অপধার ট্রাইব্যুনালে এদের বিচার করতে হবে। রামু থেকে শুরু আজ পর্যন্ত যত হামলা হয়েছে তার একটিরও বিচার হয়নি। সুবিচার নিশ্চিত না করলে অপরাধীরা পার পেয়ে যায়। হিন্দু সংস্কার আইন পরিষদের দাবি ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিচার করুন।
এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রিনা রায়, মহিলা ঐক্য পরিষদের সভাপতি সুপ্রিয়া দাস,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নীলু বড়ুয়াসহ আরও অনেকে।
সমাবেশ শেষে সংগঠনটি একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসি গিয়ে শেষ করে।