বাবার হাত ধরে স্কুলে যাওয়া হলো না জিহাদের

রাজধানীর লালবাগের আজিমপুরে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেওয়াল ধসে চাপা পড়ে জিহাদ (৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল পৌনে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

শিশুটির বাবা নাজির হোসেন জানান, জিহাদকে নিয়ে প্রতিদিন স্কুলে রেখে আবার ছুটি শেষে নিয়ে আসেন তিনি। আজ সকালে প্রতিদিনের মতো জিহাদকে নিয়ে স্কুলে যাওয়ার পথে আজিমপুর ৩২ নম্বর ওয়েস্টিন স্কুলের পাশে সরকারি কলোনির দেয়াল ধসে চাপা পড়ে জিহাদ গুরুতর আহত হয়। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জিহাদ ঢাকার নবাবগঞ্জের স্থায়ী বাসিন্দা পান সুপারি বিক্রেতা নাজির হোসেনের ছেলে। বর্তমানে শাহীদ নগর, ১ নম্বর গলি, মাস্টারবাড়ি লালবাগে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। দুই ভাইয়ের মধ্যে জিহাদ ছিল ছোট। সে আজিমপুর দিবাকালীন শিশুযত্ন কেন্দ্র স্কুলে প্রথম শ্রেণিতে পড়তো।