রাজধানীর খিলক্ষেতে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এক নির্মাণ-শ্রমিক মারা গেছেন। নিহতের নাম বিল্লাল হোসেন (৪০)। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর পৌনে বারোটায় দুর্ঘটনাটি ঘটে।
বিল্লালকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা সহকর্মী সাইদুল ইসলাম জানান, বিল্লাল পেশায় রাজমিস্ত্রি। থাকতেন খিলক্ষেত উত্তরপাড়ায়। ভূঁইয়া পাড়া রোডের শেষ মাথায় একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলায় মাচায় দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করছিলেন। সে সময় অসাবধানতাবশত পা ফসকে পড়ে যান তিনি।
গুরুতর আহত অবস্থায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে দুপুর দেড়টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃত বিল্লাল ভোলা সদর উপজেলা চরনা বাদ গ্রামের আব্দুল রশিদের ছেলে। চার ভাই দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। এক ছেলে এক মেয়ের জনক তিনি। তার স্ত্রী রোজিনা বেগম ছয় মাসের অন্তঃসত্ত্বা বলেও জানা গেছে।