করোনাকালে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মাইক মালিক ব্যবসায়ী সমিতি সরকারের কাছে স্বল্প সুদে ঋণের দাবি জানিয়েছে।
বুধবার (১০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সমিতির সভাপতি মাইন উদ্দিন বলেন, বর্তমানে আমাদের দেশে মাইক-সাউন্ড ভাড়ার ব্যবসা প্রায় বন্ধ। আমাদের অন্য কোনও আয়ের ব্যবস্থাও নেই।
তিনি আরও বলে, আমরা বাংলাদেশে প্রায় এক লাখ মাইক ব্যবসায়ী আছি। ব্যবসার মতো অবস্থা না থাকায় দোকান ভাড়া ঠিকমতো দিতে পারছি না। পরিবার নিয়ে খেয়ে-পরে বেঁচে থাকা কষ্টকর হয়ে পরেছে। ২০২০ সালের মার্চ থেকে মহামারি করোনার কারণে সরকারি বিধি-নিষেধ অনুযায়ী চলতে বাধ্য হয়েছি।
তিনি দাবি জানান, বর্তমান সরকার ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অনুদান দিয়েছে। কিন্তু বাংলাদেশ মাইক শিল্প যে ধ্বংসের দ্বারপ্রান্তে তা দেখার কেউ নেই। তাই সরকারি ঋণ ব্যবস্থার মাধ্যমে হোক বা ত্রাণ ব্যবস্থার মাধ্যমে হোক আমরা সাহায্য প্রার্থনা করছি।
সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন‑ সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রনি, সাংগঠনিক সম্পাদক মো. আকরম, কোষাধ্যক্ষ মো. পিন্টু।