কেরানীগঞ্জ মডেল থানার নিমতলা এলাকায় নির্মাণাধীন ভবনের এক তলার ছাদ থেকে পড়ে হযরত আলী নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
মৃত শিশুর বাবা আব্দুস সালাম জানান, বাসার পাশেই একটি নির্মাণাধীন একতলা ভবন। ওই ভবনের ছাদে খেলতে গিয়েছিল হযরত আলী। অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাসায় খবর দেয়।
পরে সেখান থেকে দ্রুত তাকে একটি স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা শিশু হাসপাতাল পরে দুপুর ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া তিনটায় মারা যায় শিশুটি।
মৃত হযরত আলী কেরানীগঞ্জ নিমতলা এলাকার স্থায়ী বাসিন্দা দুধ বিক্রেতা আব্দুস সালামের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে হযরত ছিল ছোট।