রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক দুর্ঘটনার বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে সরেজমিনে তদন্ত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে ডিএনসিসি সচিব (যুগ্ম-সচিব) মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এসএম শরিফ-উল ইসলামকে আহ্বায়ক এবং মহাব্যবস্থাপক (পরিবহন) মো. মিজানুর রহমানকে সদস্য সচিব করে তদন্ত কমিটিটি গঠন করা হয়। এই কমিটিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) আবুল হাসনাত মো. আশরাফুল আলমকে সদস্য করা হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর ডিএনসিসির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অফিস আদেশে জানানো হয়েছে।
এর আগে বেলা আড়াইটার দিকে পান্থপথ ফার্নিচার দোকানের সামনে ডিএনসিসির একটি ময়লার গাড়ির ধাক্কায় মোটর সাইকেল আরোহী আহমেদ কবির নামে দৈনিক প্রথম আলোর সাবেক একজন কর্মী নিহত হন।
ডিএনসিসির জনসংযোগ দফতর থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা, নিহতের নিজ বাড়ি পিরোজপুরে মরদেহ পরিবহন ও যাতায়াতের জন্য একটি ফ্রিজার ভ্যান এবং একটি মাইক্রোবাস দেওয়া হয়েছে। এছাড়াও ডিএনসিসি মেয়র নিহতের নবম ও চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত দুই সন্তানের লেখাপড়ার দায়িত্বভারও গ্রহণ করেছেন।