বাংলামোটর আগুনের ঘটনায় দগ্ধ ৩

রাজধানীর বাংলামোটরে আরকে টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন ঘটনাস্থল থেকে এসব তথ্য নিশ্চিত করেন।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার পর থেকে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার কর্মীরা। দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ভবনের ছয় তলা থেকে দগ্ধ অবস্থায় তিন জনকে উদ্ধার করা হয়।

দগ্ধ তিন জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই ১০ তলা ভবনের ছয় তলায় অবস্থিত ব্লেন্ডার গোডাউনের কর্মী। দগ্ধ তিন জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক আবাসিক সার্জন এসএম আইউব হোসেন।

তিনি বলেন, মামুন শরীরের ৩৪ শতাংশ, তাফসিরে ৭ শতাংশ, মানিকের ২ শতাংশ দগ্ধ হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধমান গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ১০ তলা ভবনের ছয় তলায় অনলাইনে ব্লেন্ডার মেশিন বিক্রি করতো। ব্লেন্ডার মেশিন চেক করার সময় স্পার্ক করে আগুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি। বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।