রাজধানীর কমলাপুরে ট্রেনে কাটা পড়ে হাইকোর্টের প্রশাসনিক কর্মকর্তা (জুডিশিয়াল সেকশন) তারেকুজ্জামান বকুলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরের এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান। মৃতের বয়স আনুমানিক ৪৫ বছর।
এসআই মো. শাহজাহান জানান, কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের রেললাইন ধরে অসতর্কতায় হেঁটে যাওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া মোহনগঞ্জ এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তারেকুজ্জামান বকুল। দুপুর দেড়টায় সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তারেকুজ্জামান বকুল কমলাপুরে কেন গিয়েছিলেন সেই বিষয়ে পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে কোনও কিছু জানতে পারেনি রেলওয়ে পুলিশ। এটি আত্মহত্যা না অন্য কিছু তা নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে বলে উল্লেখ করেন এসআই মো. শাহজাহান।
তারেকুজ্জামান বকুল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। ঢাকার উত্তর পীরেরবাগ মিরপুরের ভাড়া বাসায় থাকতেন তিনি। তার এক ছেলে ও এক মেয়ে আছে।
মৃতের স্ত্রী কুলসুম আরা খাতুন বলেন, ‘সকালে বাসা থেকে আদালতের উদ্দেশে রওনা দিয়েছিল তারেকুজ্জামান বকুল। আমি শিল্প মন্ত্রণালয়ে চাকরি করি। দুপুরে অফিসে নামাজ পড়ছিলাম, তখন খবর পাই সে দুর্ঘটনার শিকার হয়েছে।’