রাজধানীর উত্তরা মডেল টাউন এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা শীতার্তদের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে এসব মানুষের মাঝে কম্বল বিতরণ করেতে দেখা গেছে।
এসময় মেয়রের সঙ্গে থাকা এক ব্যক্তি বিষয়টি ফেসবুকে লাইভ প্রচার করেন। তাতে দেখা গেছে, বিপুল সংখ্যক ছিন্নমূল উদ্বাস্তু শীতার্ত মানুষের মধ্যে নিজ হাতে তিনি কম্বল বিতরণ করেন। অনেকের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দিতেও দেখা গেছে মেয়রকে।
খোদ মেয়রের হাত থেকে কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে ছিন্নমূল মানুষদেরকে।
আতিকুল ইসলাম বলেন, ‘শীতে যারা রাস্তায় কষ্ট করছে তাদের পাশে দাঁড়াতে হবে। সামনের দিনগুলো শীতার্তদের মাঝে উঞ্চতা বিলিয়ে দিতে আরও কাজ করবো। ডিএনসিসি এলাকার একটা মানুষও যাতে শীতে কষ্ট না পায় সে চেষ্টাই করে যাবো।'