দৈনিক ৮ কর্মঘণ্টার দাবিতে দোকান কর্মচারীদের মানববন্ধন

দৈনিক ৮ কর্মঘণ্টা ও অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম দেওয়াসহ ১০ দফা দাবি জানিয়েছে দোকান কর্মচারীরা।

শুক্রবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে দোকান কর্মচারী ফেডারেশন আয়োজিত এক মানববন্ধনে এ দাবি করা হয়।

দোকান কর্মচারীদের অন্যান্য দাবিগুলো হলো—চাকরির নিরাপত্তা, চাকরির নিয়োগপত্র ও পরিচয়পত্র, বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই বন্ধসহ দোকান কর্মচারীদের স্বাস্থ্য-নিরাপত্তা নিশ্চিত করতে হবে।  তাছাড়া বছরে দুইটি উৎসব বা ঈদ বোনাস, সপ্তাহে দেড় দিন ছুটি, কর্মস্থলে দুর্ঘটনায় আহত ও নিহত কর্মচারীদের আর্থিক ক্ষতিপূরণ, সার্ভিস বেনিফিটসহ হাজিরা খাতা ও সার্ভিস বুক দিতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে ৬০ লাখ দোকান কর্মচারী কাজ করে। করোনার সময়ে দোকান, মার্কেট, শপিং মল দীর্ঘ দিন বন্ধের পর নতুন করে খুললেও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার দিকে দোকান মালিকেরা কোন নজরই দিচ্ছে না। আমরা দোকান কর্মচারীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকার ব্যবস্থা করার কথা বললেও সংশ্লিষ্টরা তা গুরুত্ব দিচ্ছে না। ফলে আমরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছি।

দোকান কর্মচারীরা অভিযোগ করেন, করোনার সময়ে বিক্রি কমের অজুহাতে অনেক দোকান মালিকই কর্মচারীদের মাসিক বেতন অর্ধেক বা বেতন কম দিচ্ছে। গত দুই ঈদেও অধিকাংশ দোকান কর্মচারীকে বোনাসও দেওয়া হয়নি। হাজার হাজার দোকান কর্মচারীকে ক্ষতিপূরণ ছাড়াই চাকরি থেকে বাদ দেওয়া হচ্ছে। আমরা এগুলোর সমাধান চাই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, সহ-সভাপতি কামরুল হাসান প্রমুখ।