রাজধানীর কচুক্ষেতে স্বর্ণের দোকানে চুরি, সন্দেহভাজন ৪ ব্যক্তি শনাক্ত

রাজধানীর কচুক্ষেতের রজনীগন্ধ্যা টাওয়ারের নিচতলায় রাঙাপরী জুয়েলার্স নামে স্বর্ণের দোকান থেকে ৩০০ ভরি স্বর্ণ চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে শনাক্ত করেছে পুলিশ।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

রাঙাপরী জুয়েলার্সের সেলসম্যান আল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে দোকান খুলে স্বর্ণ চুরি যাওয়ার ঘটনাটি আমরা দেখতে পাই। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা এই চুরির ঘটনার আলামত সংগ্রহ করে।

এ ঘটনায় রাঙাপরী জুয়েলার্সের মালিক আবুল কালাম ভূঁইয়া ভাসানটেক থানায় একটি মামলা দায়ের করবেন বলে জানা গেছে।

ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, কচুক্ষেত বাজার রজনীগন্ধ্যা টাওয়ার কমপ্লেক্সের নিচতলায় রাঙাপরী জুয়েলার্সে চুরির ঘটনায় চারজনকে আমরা শনাক্ত করতে পেরেছি। থানা পুলিশ এবং সিআইডির ক্রাইম টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

তিনি বলেন,  এই মার্কেটের দারোয়ান এবং ঝাড়ুদার বহিরাগত দুইজনকে রাতে মার্কেটের ভিতরে ঢুকতে গেট খুলে দেয়। দোকান থেকে স্বর্ণালঙ্কার চুরি করে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার সুযোগ করে দেয় তারা। সিসিটিভি ফুটেজ দেখে আমরা চার জনকে শনাক্ত করেছি তাদেরকে গ্রেফতারে অভিযান পরিচালিত হচ্ছে।