বিজয়ী হওয়ার পরও সরকারি গেজেট পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন শেরপুর জেলার শ্রীবরদি উপজেলার ২ নম্বর রাণীশিমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা।
রবিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন।
নির্বাচিত চেয়ারম্যান আ. হামিদ সোহাগ অভিযোগ করেন, ২০২১ সালের ২৬ ডিসেম্বর শেরপুর জেলার শ্রীবরদি উপজেলার ২ নম্বর রাণীশিমুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়ার পরও এখন পর্যন্ত কোনও গেজেট দেওয়া হচ্ছে না। এমনকি একই তারিখে শ্রীবরদির ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। যার আটটি নিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু একটি ইউনিয়নে (২ নম্বর রাণীশিমুল) গেজেট প্রকাশ করা হয়নি।
সংবাদ সম্মেলনে আ. হামিদ সোহাগ বাংলাদেশ নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘নির্বাচিত হওয়ার পরও কেনো আমার ইউনিয়নে আমাকে এবং আমার সদস্যদেরকে গেজেট দেওয়া হচ্ছে না? আমাদের অপরাধ কী? আমরা তো বেআইনিভাবে পাশ করিনি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচিত চেয়ারম্যান আ. হামিদ সোহাগ। সংরক্ষিত মহিলা আসনের সদস্য কল্পনা নাসরিন, সাহারা খাতুন ও সাহিদা খাতুন প্রমুখ।