ফকিরখালিতে ডিএসসিসির অভিযান, ২ লাখ টাকা জরিমানা 

অবৈধভাবে বালি দ্বারা কৃষি জমি ভরাট করার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় ধানের জমিতে বালি ভরাট কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং বালি ভরাট কাজে ব্যবহৃত ৪০০ ফুট পাইপ ধ্বংস করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ডের  ফকিরখালি এলাকায় দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার যৌথ নেতৃত্বে কষি জমি ভরাটকারীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

অভিযানে আদালত অবৈধভাবে বালি দ্বারা জমি ভরাট কাজে নিয়োজিত দুরন্ত এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সুমন আহমেদকে ২ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করেন। এছাড়াও ভরাট কাজে ব্যবহৃত প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের ২০টি পাইপ বিনষ্ট করা হয় এবং আলামত হিসেবে ৪০ ফুট দৈর্ঘ্যের পাইপ জব্দ করা হয়। এ সময় আদালত আগামী ৩ দিনের মধ্যে ভরাট কাজে ব্যবহৃত অন্যান্য সকল পাইপ সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন।   

উল্লেখ্য যে, গত বছরের ফেব্রুয়ারি মাসেও ফকিরখালিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন টানা কয়েকদিন অভিযান পরিচালনা করে। সেই সময় অবৈধভাবে বালি ভরাটের দায়ে ৩টি ড্রেজার মেশিন ও ২ হাজার ৮০০ ফুট পাইপ জব্দ করে তা স্পট নিলামে ৫ লক্ষ ৭ হাজার টাকায় বিক্রি করে।