রিকশাচালক সোহেল পান্থপথ দিয়ে টিসিবির ট্রাকের পাশ কেটে যাচ্ছিলেন। দীর্ঘলাইন দেখে গাড়ির পাশে রিকশাতে বসেই আবদার করলেন— ‘এক বোতল তেল দ্যান না প্লিজ’। এদিকে ট্রাকের পেছনে অন্তত আড়াইশ’ অপেক্ষমান মানুষ। তাই বাধ্য হয়ে বিক্রয়কর্মী তাকে ফিরিয়ে দেন। মঙ্গলবার (৮ মার্চ) বিকালে রাজধানীর পান্থপথে দেখা গেলো এমন হৃদয় বিদারক দৃশ্য।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দম আটকে আসার অবস্থা স্বল্প আয়ের মানুষদের। বাজার স্বাভাবিক করতে সরকার ট্রেড করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ন্যায্যমূল্যে পেঁয়াজ, চিনি, ডাল ও সয়াবিন তেল বিক্রি করছে। চিনি, ডাল, তেল জনপ্রতি ২ কেজি করে দেওয়া হলেও, পেঁয়াজ দেওয়া হচ্ছে পাঁচ কেজি। সবমিলিয়ে মূল্য দাঁড়ায় ৬১০ টাকা। বাজার মূল্যের চেয়ে যা ৩৪০ টাকা কম।
টিসিবি’র ডিলারদের সঙ্গে কথা বলে জানা যায়, এক গাড়িতে থাকা আড়াই টন পণ্য ২০০-২৫০ জন কিনতে পারেন। সেই তুলনায় লাইনে আরও বেশি মানুষ দাঁড়ায়। অনেকেই নিতে পারেন না। এক গাড়ি পণ্য খালি হয়ে যায় ৩-৪ ঘণ্টাতেই।
পান্থপথে টিসিবির ডিলার গাড়ি এসে দাঁড়ায় সাড়ে ৩টায়। সন্ধ্যা ৭টায়ও অন্তত একশ’ জন ছিলেন লাইনে। তবে পণ্যের পরিমাণ ছিল খুব কম। যার ফলে লাইনের বাইরে দাঁড়িয়েও অনেককে তেল দেওয়ার অনুরোধ করতে দেখা যায়।
টিসিবির গাড়ি থেকে পণ্যের প্যাকেজ নিয়েছেন সালমা। তার সময় লেগেছে এক ঘণ্টা। তিনি জানান, পাঁচ কেজি পেঁয়াজ, দুই কেজি ডাল আর দুই লিটার তেলে তার পরিবারের অন্তত একমাস যাবে। আজই প্রথম লাইনে দাঁড়িয়েছেন তিনি।