শতভাগ উৎসব ভাতা চান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

শতভাগ উৎসব ভাতার দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি’।

শুক্রবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ৩৬ ঘণ্টার অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

এসময় বক্তারা বলেন, গত ১৮ বছর ধরে এমপিওভুক্ত শিক্ষকরা ২৫ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন, যা অমানবিক। মাধ্যমিক পর্যায়ের এন্ট্রি লেভেলের একজন শিক্ষক ১২ হাজার ৫০০ টাকা স্কেলে উৎসব ভাতা পান ৩ হাজার ১২৫ টাকা। মাদ্রাসার একজন ইবতেদায়ি লেভেলের শিক্ষক ৯ হাজার ৩০০ টাকা স্কেলে উৎসব ভাতা পান ২ হাজার ৩২৫ টাকা। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে কোনও শিক্ষক-কর্মচারীর পক্ষেই এত অল্প টাকা দিয়ে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করা সম্ভব নয়।

তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা প্রদানের ঘোষণা ও পরিপত্র জারি করে আমাদের ঘরে ফেরাতে পারেন।

কর্মসূচিতে উপস্থিত আছেন শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ জসিম উদ্দিন আহম্মদ, মহাসচিব উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদের সহ-সভাপতি শাহ আলম প্রমুখ।