সিলিন্ডার বিস্ফোরণে আহত দম্পতির মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে সিলিন্ডার থেকে আগুনের ঘটনায় দগ্ধ স্বামী আব্দুল করিম ও তার স্ত্রী খাদিজা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৫ এপ্রিল) তাদের মৃত্যু হয়। একই ঘটনায় আহত তাদের দেড় বছরের সন্তান ফাতেমা আইসিউতে।

বৃহস্পতিবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

মৃত আব্দুল করিমের খালাতো ভাই কামাল হোসেন জানান, কোনাপাড়া আলাবাড়ি বটতলা একটি ৪র্থ তলা ভবনের নিচতলায় তাদের ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। আব্দুল করিম মুদি দোকানি ছিলেন।  স্ত্রী খাদিজা ছিলেন গৃহিণী।

তিনি বলেন, সেহেরির সময়ে তরকারি গরম করার জন্য চুলায় আগুন দিতেই আগুন লেগে যায়। চুলার পাশেই ছিল ফ্রিজ। ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়েছে। আবার গ্যাস লিকেজ থেকে জমা গ্যাস থেকেও ঘটতে পারে।

দম্পতির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।