ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সিটি করপোরেশনের কর্মকর্তা কোরবানির বর্জ্য অপসারণের জন্য ২৪ ঘণ্টা চেয়েছিলেন কিন্তু তিনি ১২ ঘণ্টা সময় দিয়েছিলেন। আর তাতেই তারা ১২ ঘণ্টার আগে কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করতে সক্ষম হয়েছিল।
সোমবার রাজধানীর গুলশানে ২ নম্বরের নগর ভবনে কোরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন।
মেয়র বলেন, আমাকে অনেকে বলেছিল ২৪ ঘণ্টা রাখি স্যার। যদি ১২ ঘন্টায় করতে পারি এটা প্লাস পয়েন্ট। আমি বলেছি এরকম কাজ করতে চাই না। কেন আমরা ১২ ঘণ্টার জায়গায় ২৪ ঘণ্টা রাখবো?
তিনি জানান, ডিএনসিসি ৬.৫০ হাজার বর্জ্য ব্যাগ, ৬০ টন ব্লিচিং পাউডার ও ১০ হাজার ক্যান স্যাভলন নাগরিকদের জন্য বিতরণ করেছে।
তিনি দাবি করেন, আগে পাড়া মহল্লায় অলিতে-গলিতে পশুর বর্জ্যের জন্য ঢোকা যেত না। এখন সে পরিবেশ নেই। তিনি দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য নগরবাসী, কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ দেন।