ডিএসসিসি’র ২০২২-২৩ অর্থবছরের বাজেট অনুমোদন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০২২-২৩ অর্থবছরের ৬৭৪১.২৮ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।  মঙ্গলবার (২৬ জুলাই) নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের  দ্বিতীয় পরিষদের পঞ্চদশ করপোরেশন সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়।

২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রসঙ্গে মেয়র শেখ তাপস বলেন, আমাদের কাউন্সিলর ও কর্মকর্তাদের নিরলস পরিশ্রমে গত ২ বছরে আমরা ঢাকাবাসীর প্রত্যাশা পূরণে উন্নত ঢাকার ভিত্তি রচনা করতে পেরেছি।  আপনারা শুনে খুশি হবেন, সর্বকালের ইতিহাস ভঙ্গ করে বিগত অর্থবছরে আমরা ৮৭৯ কোটিরও বেশি রাজস্ব আহরণ  করেছি। আমরা মাত্র দুই বছরের মধ্যে একটি ভঙ্গুর করপোরেশনকে ঢাকাবাসীর আস্থার করপোরেশনে পরিণত করেছি।

বিগত বাজেটগুলো পর্যালোচনা করে শেখ তাপস এ সময় বলেন, আমি যখন এই করপোরেশন সভায় প্রথম বাজেট উপস্থাপন করি, সেই বাজেটে আমাদের রাজস্ব আদায় ছিল মাত্র ৫১৪ কোটি টাকা। এই করোনা মহামারির মধ্যেও গত বছর আমরা ৭০৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছি। এবার আমরা গতবারের চাইতে ১৭৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করে সেই রেকর্ডও ভঙ্গ করেছি।

দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও কাউন্সিলররা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।