রাজধানীর জলাশয়ের ওপর ভবন নির্মাণে কোনও স্থাপত্যবিদ নকশা প্রণয়ন করে থাকলে তাকে শাস্তি দেবে ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি)। বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলা ট্রিবিউনকে মোবাইল ফোনে এমন তথ্য জানান স্থাপত্যবিদদের সংগঠনটির সাধারণ সম্পাদক ফারহানা শারমিন।
ফারহানা শারমিন বলেন, ‘কেউ এমন কাজের সঙ্গে জড়িত থাকলে আমাদের ইনস্টিটিউট থেকে তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে।’
তিনি জানান, জলাশয়ে ভবন নির্মাণের নকশা করেছেন কোন কোন স্থাপত্যবিদ এবং এ রকম কোনও প্রকল্প চলমান আছে কিনা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে জানতে চেয়েছে আইএবি। গত ২৪ জুলাই রাজউককে এমন চিঠি দিয়েছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত এক সংলাপে রাজধানীর খালের ওপর ১০ তলা ভবনের নকশা কীভাবে স্থাপত্যবিদরা দিলেন, সে বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক ফারহানা শারমিনের কাছে জানতে চান।
ফারহানা শারমিন বলেন, ‘আমরা রাজউকের চেয়ারম্যানকে চিঠি দিয়েছি। আইএবি ও রাজউক মিলে যৌথভাবে অনুসন্ধান করবে, আসলে কোন প্রকল্প থেকে এ অভিযোগটা আসছে।’
তিনি বলেন, ‘আমরা রাজউকের কাছে জানতে চেয়েছি, ডিএসসিসি মেয়র যে প্রসঙ্গটা তুললেন সেটা কোন প্রকল্প, এ রকম আরও প্রকল্প আছে কিনা, এর অনুসন্ধান হওয়া দরকার।’
এখন পর্যন্ত কোনও উত্তর পাননি বলে তিনি জানান।
ফারহানা শারমিন আরও বলেন, ‘প্রথমত, প্রকল্প চিহ্নিত হওয়া জরুরি। কোন জায়গা থেকে এটা হলো তা জানা দরকার। কোনও প্রকল্প রাতারাতি হয় না। এটা করতে অনুমোদন লাগে। অনুমোদন তো স্থপতি দেয় না। অনেকগুলো ধাপ পার হওয়ার পর একজন গ্রাহক স্থপতির কাছে আসেন।’
বিষয়টি জানতে রাজউক চেয়ারম্যান আনিসুর রহমান মিঞাকে ফোন করা হলে তিনি সাড়া দেননি।