পঞ্চগড়ে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার দাবি

পঞ্চগড়ে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

শনিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১২টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রকল্যাণ সমিতির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মাজহারুল হক প্রধান, বাংলাদেশ সরকারের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের যুগ্ম-সচিব ও পঞ্চগড় জেলা সমিতির সভাপতি মো. মাহবুবুর রহমান ফারুকি, পঞ্চগড় জেলা সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অফ পঞ্চগড়ের (ডিইউসেপ) সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, ঢাবির মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমানসহ জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ ঢাকা কলেজের ছাত্রকল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ পঞ্চগড় (ডিইউসেপের) সভাপতি রিফা জাকিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপম সাহার সঞ্চালনায় এসময় বক্তারা পঞ্চগড়ের প্রান্তিক এলাকায় মানুষের চিকিৎসা সেবার জটিলতা ও দুর্ভোগ তুলে ধরে বলেন, পঞ্চগড়ে একটি হাসপাতাল থাকলেও সেখানে সব রোগের চিকিৎসা পাওয়া যায় না। এতে করে রোগীর কঠিন মুহূর্তে রংপুর বা দিনাজপুর মেডিক্যালে রেফার করা হয়। পঞ্চগড় থেকে প্রায় দেড়শত কিলোমিটার দূরে রোগীকে আনার পথে অনেক রোগী রাস্তাতেই মারা যান। আবার অনেকেই আর্থিক অস্বচ্ছলতার কারণে দূরে গিয়ে চিকিৎসা করাতে পারেন না। তাই অতিদ্রুত পঞ্চগড়ে একটি মেডিক্যাল কলেজ ও মানসম্মত হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান বক্তারা।

বক্তব্য প্রদানকালে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মাজহারুল হক প্রধান বলেন, আমি জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই দাবির কথা উত্থাপন করেছি। কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে না। বর্তমানে পঞ্চগড় সদর হাসপাতালটি ২৫০ শয্যাবিশিষ্ট। আর একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার জন্য ২৫০টি বেড হলেই সেটা প্রতিষ্ঠা করা যায়। সুচিকিৎসার জন্য পঞ্চগড়বাসীকে পদে পদে ধুকতে হচ্ছে এখনও।

তিনি আরও বলেন, কিছুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের পঞ্চগড় শাখার প্রবীণ দুই নেতা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে পঞ্চগড়ে চিকিৎসা না পেয়ে রংপুরে আসার পথে একজন এবং ঢাকার পিজি হাসপাতালে আরেকজন মারা গেছেন। এধরনের ঘটনা আমরা আর দেখতে চাই না। আমরা পঞ্চগড়ে একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার জোর দাবি জানাই।

এসময় মাহবুবুর রহমান ফারুকি বলেন, পঞ্চগড় থেকে সাধারণত রোগীকে রংপুর, দিনাজপুর বা ঢাকায় রেফার করা হয়। পঞ্চগড় থেকে নেওয়ার পথেই অনেকে প্রাণ হারায় অথবা অনেকে টাকার অভাবে দূরে চিকিৎসা করাতে পারেন না। এছাড়াও পঞ্চগড় জেলায় অনেক চা শ্রমিক রয়েছে। চা শ্রমিকদের স্বাস্থ্যের দিকে নজর দিতে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছে।

বক্তব্য প্রদানকালে পঞ্চগড়ে একটি আধুনিক মানসম্মত মডেল হাসপাতাল ও মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে সাদ্দাম হোসেন বলেন, প্রান্তিক জেলা হওয়ায় সেখানে ভালো চিকিৎসকেরা থাকতে চায় না। এতে করে ১০ লাখ লোকের এই জেলায় মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছে না।

আন্তর্জাতিক ভৌগোলিক প্রেক্ষাপটে পঞ্চগড়ে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা একান্ত জরুরি উল্লেখ করে তিনি আরও বলেন, পঞ্চগড়ের সাথে সার্কভুক্ত দেশগুলোর একটি সংযোগ রয়েছে। পঞ্চগড়ে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হলে সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা বাংলাদেশে পড়ার সুযোগ পাবে। তার থেকেও বড় সুবিধা হলো, ওই এলাকার মানুষেরা পরিপূর্ণ চিকিৎসা সেবা নিতে পারবে।