রাজধানীর কদমতলীতে খেলতে খেলতে গলায় ফাঁস লেগে ৯ বছরের এক শিশুর মৃত্যুর হয়েছে। শিশুটির নাম আরাফাত ইসলাম আরজু। শনিবার (৩০ জুলাই) দুপুরে কদমতলী থানার জুরাইনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়া জেলার মোংলা উপজেলার সিয়াবনিয়া গ্রামের ওয়ার্কসপ ব্যবসায়ী আজিজুল হকের ছেলে আরাফাত। বর্তমানে কদমতলী থানার জুরাইন মুরাদপুর হাই স্কুলের পাশে একটি বাসার চতুর্থ তলায় পরিবারের সঙ্গে থাকতো সে।
শিশুটির মামা রুবেল রহমান জানান, দুপুরে ভাড়া বাসার বারান্দায় গ্রিলে কাপড় নাড়া রশির সঙ্গে খেলতে গিয়ে ঝুলছিল আরাফাত। সেখানে হঠাৎ রশির সঙ্গে গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়ে সে। পরে বাসার লোকজন দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
মো. বাচ্চু মিয়া বলেন, ‘শিশুটির মৃত্যু নিশ্চিত হওয়ার পর পরিবারের লোকজন মরদেহ নিয়ে যান।’