রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে বাসের ধাক্কায় লেগুনা উল্টে পাঁচ নারীসহ ৭ জন কারখানার শ্রমিক আহত হয়েছেন। শনিবার (৬ আগস্ট) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতরা চিকিৎসাধীন।
আহতরা হলেন– মো. ওয়াজকরণী (২২) মো. রাসেল (২৫), সনিয়া খাতুন (১৮), ঝুমুর আক্তার (১৬), রানু বেগম (৩৫), সুমি আক্তার (১৬) ও রহিমা বেগম (৩২)
আহতদের হাসপাতালে নেওয়া লেগুনার যাত্রী মো. জয় জানান, তারা সবাই সাইনবোর্ড এলাকায় একটি লাইট কারখানায় কাজ করেন।
তিনি বলেন, ‘যাত্রাবাড়ী থেকে লেগুনাটি সাইনবোর্ড এলাকার দিকে যাচ্ছিল। পথে মাতুয়াইল মেডিক্যালের সামনের মোড়ে লেগুনা ঘোরাতে গেলে যাত্রাবাড়ীগামী যাত্রীবাহী বাস মৌমিতা পরিবহন লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে লেগুনা উল্টে গিয়ে যাত্রীরা আহত হন।’
জয় নিজেও ওই লেগুনার যাত্রী ছিলেন। তিনি সামান্য আহত হয়েছেন। তাৎক্ষণিক লেগুনার ড্রাইভার পালিয়েছে বলে জানান তিনি।