পণ্যের দাম কমানোর দাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের মানববন্ধন

বিদ্যুৎ খাতে বিপর্যয়, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামাতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

‘জ্বালানি তেলের দাম বাড়ানো আত্মঘাতী’ উল্লেখ মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বে যখন জ্বালানি তেলের দাম কমছে তখন আত্মঘাতী একটি সিদ্ধান্তের মাধ্যমে দেশে দাম বাড়ছে। বিদ্যুৎ খাতেও বিপর্যয় ঘটেছে। নিত্যপ্রয়োজনী দ্রব্যের দাম বাড়ছেই। ডিমের দামও বেড়ে গেছে। এ সময় বক্তারা সব দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন।

‘আমরা জনগণের ভোগান্তির কথা চিন্তা করে নিজেদের কাজ বাদ দিয়ে রোদে দাঁড়িয়েছি’ বলে মন্তব্য করেন সাদা দলের আহ্বায়ক ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান। তিনি বলেন, ‘শুধু জনগণের দুর্ভোগ কমাতে আমরা এখানে দাঁড়িয়েছি। বিদ্যুৎ খাতের বিপর্যয় একদিনে ঘটেনি। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, চুরি-ডাকাতি এই বিপর্যয়ের কারণ। এর ফলেই উৎপাদন প্রক্রিয়া প্রভাবিত হয়ে দ্রব্যমূল্য বেড়েছে। এসব দুর্ভোগ কমাতে হবে।’

প্রথম আলোর করা একটি জরিপের বরাত দিয়ে তিনি বলেন, ‘এ মুহূর্তে তিন কোটিরও বেশি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে। চার কোটি মানুষ দরিদ্র সীমা ছুঁই ছুঁই। এমন ক্রান্তিলগ্নে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। জনগণের আজ দেয়ালে পিঠ ঠেকে গেছে। সরকারের উচিত দায়িত্বশীল আচরণ করে এই দুর্ভোগ কমানো।’

এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন– ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম, অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও সাদা দলের আহ্বায়ক ড. এবিএম ওবায়দুল ইসলাম।