প্রকল্পের নির্মাণসামগ্রী পড়ে বার বার দুর্ঘটনায় প্রাণহানি ঘটলেও কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, গত সোমবার (১৫ আগস্ট) রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে পাঁচজন নিহত হয়েছেন। ওই ঘটনার পরদিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নিরাপত্তা ব্যবস্থার কিছুই দেখিনি। সংশ্লিষ্ট সংস্থাগুলোর কবে টনক নড়বে।
আজ রবিবার (২১ আগস্ট) ডিএনসিসির নগর ভবনে এক আলোচনা সভায় এসব কথা বলেন মেয়র। সভায় ঢাকায় চলমান বিভিন্ন প্রকল্পের পরিচালক, সংস্থা প্রধানেরা উপস্থিত ছিলেন।
আতিকুল ইসলাম বলেন, গতকাল রাত ১১টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আমাকে একটি ভিডিও পাঠিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে রাজধানীর শেওড়া এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি ক্রেন মাথার ওপর ঘুরছে আর নিচ দিয়ে গাড়ি চলছে। কোনও নিরাপত্তা ব্যবস্থাই ছিল না। '
তিনি বলেন, এখন থেকে নো সেফটি নো ওয়ার্ক। আগে নিরাপত্তা নিশ্চিত করবেন, তারপর কাজ শুরু করবেন। কাজ শুধু কাগজে-কলমে নয় বাস্তবেও করতে হবে।'
অনুষ্ঠানে বক্তারা চীনের রাষ্ট্রদূতকে তলব করে ঠিকাদারের গাফিলতি সম্পর্কে অবহিত করা ও ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিআরটি, এমআরটি ও ঢাকায় বাস্তবায়নাধীন বড় প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।