তেলাপোকা মারার কীটনাশক খেয়ে শিশুর মৃত্যু

রাজধানীর বাড্ডায় তেলাপোকা মারার কীটনাশক খেয়ে আয়শা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দুপুর সাড়ে বারোটায় আফতাবনগর আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

শিশুটির মা হালিমা খাতুন জানান, বাড্ডা থানাধীন আফতাবনগর আবাসিক এলাকার এফ ব্লকের একটি ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া তারা। দুপুরে বাসার কাজে ব্যস্ত ছিলাম। সে সময় আয়শা খেলা করতে থাকে। ওয়ারড্রোবের ওপরে তেলাপোকা মারার কীটনাশকের প্যাকেট রাখা ছিল। সেটাকে খাবার ভেবে নামিয়ে এনে বিছানার ওপরে বসে খেতে থাকে আয়শা। পরে দেখতে পেয়ে সেখান থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় ফরাজী হাসপাতালে নেওয়া হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যা ছয়টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক আয়শাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত শিশুটির গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার সূর্যখালি গ্রামে। তার বাবার নাম মৃত শাহিন আলম। পরিবারের একমাত্র সন্তান ছিল আয়শা।